রুয়েট প্রতিনিধি:
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ন্যাশনাল অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট বুটক্যাম্প’-এর রাজশাহী বিভাগীয় রোডশো।
শনিবার (২৬ এপ্রিল) রুয়েট অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মসূচিতে প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থী, সফটওয়্যার ডেভেলপার, শিল্পখাতের পেশাজীবী ও শিক্ষাবিদদের সরব উপস্থিতিতে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস।
রুয়েট কম্পিউটিং সোসাইটির সহযোগিতায় আয়োজিত এ রোডশোতে অংশ নেয় রুয়েট ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়সহ রাজশাহী অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান, জাতীয় পর্যায়ের এ বুটক্যাম্প আয়োজন বাস্তবায়িত হচ্ছে রবী আজিয়াটা পিএলসি, মিয়াকি মিডিয়া লিমিটেড এবং এইচসেনিড মোবাইল সল্যুশনসের যৌথ উদ্যোগে। দেশের তরুণ সফটওয়্যার ডেভেলপারদের দক্ষ করে তোলা এবং প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তোলাই এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য।
অনুষ্ঠানের শুরুতে রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী মাহির আশেফ বুটক্যাম্পের লক্ষ্য, কাঠামো এবং বিডিএপিপিএস (BDAPPS) উদ্যোগের আওতায় পরিচালিত তিন মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, 'অংশগ্রহণকারীদের পেশাদার অ্যান্ড্রয়েড ডেভেলপার হিসেবে গড়ে তুলতে এ প্রশিক্ষণ পরিচালিত হবে, যেখানে প্রযুক্তিগত প্রশিক্ষণ সহযোগী হিসেবে কাজ করবে ওস্তাদ ডটকম।'পরবর্তীতে বিডিএপিপিএস টিমের আয়োজনে একটি ইন্টার্যাকটিভ কুইজ সেশন অনুষ্ঠিত হয়, যেখানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুয়েটের সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শহিদুজ্জামান, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ, ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকী, ইসিই বিভাগের ওয়িশী জ্যোতি, সিএসই বিভাগের মো. আজমাইন ইয়াকিন সিরাজন ও মো. মাজহারুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। এছাড়া বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরাও এতে অংশগ্রহণ করেন।
বক্তারা জানান, জাতীয় পর্যায়ের প্রযুক্তিভিত্তিক এ ধরনের উদ্যোগে সম্পৃক্ততা শিক্ষার্থীদের দক্ষতা, উদ্ভাবনী চিন্তাশক্তি ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বুটক্যাম্পের কার্যক্রম রোডশো ও নিবন্ধনের মাধ্যমে শুরু হয়ে পরবর্তীতে টেকনিক্যাল ট্রেনিং, বিজনেস ট্রেনিং এবং জাতীয় পর্যায়ের গালা রাউন্ডের মাধ্যমে সম্পন্ন হবে। চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারীরা নিজেদের উদ্ভাবিত অ্যাপ শিল্পখাতের বিশেষজ্ঞ ও বিচারকদের সামনে উপস্থাপন করবেন।
অংশগ্রহণকারীদের জন্য থাকছে রবী স্বীকৃত অ্যান্ড্রয়েড ডেভেলপার সার্টিফিকেশন, দেশের বৃহৎ ডেভেলপার নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগ, ন্যাশনাল অ্যাপ স্টোরের মাধ্যমে আয় বৃদ্ধির সহায়তা এবং জাতীয় পর্যায়ে পরিচিতি অর্জনের সুযোগ।
প্রতিযোগিতার মোট পুরস্কারমূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ টাকা। চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার টাকা পুরস্কারসহ বিশেষ প্রমোশনাল সুবিধা। এছাড়া প্রথম থেকে পঞ্চম স্থান অর্জনকারী দলগুলোর জন্যও রয়েছে বিভিন্ন নগদ পুরস্কার ও সহায়তা।
আয়োজকরা জানান, রাজশাহীর পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামেও এ রোডশো অনুষ্ঠিত হচ্ছে, যা জাতীয় পর্যায়ে প্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলার বৃহৎ কর্মসূচির অংশ।
সংশ্লিষ্টদের মতে, রুয়েটে অনুষ্ঠিত এ আয়োজন শিক্ষার্থীদের প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের পাশাপাশি রাজশাহী অঞ্চলে সফটওয়্যার উন্নয়ন, উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।