রুয়েটে পরীক্ষায় অসদুপায় অবলম্বন: পাঁচ শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার

Date: 2026-04-28
news-banner

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে পাঁচ শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ডিসিপ্লিনের সভায় অভিযোগসমূহ পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত অনুমোদিত হয়।

বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা, শিক্ষার্থীদের আচরণবিধি তদারকি, অনিয়ম ও অপরাধ তদন্ত এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে দায়িত্বপ্রাপ্ত বোর্ড অব ডিসিপ্লিন সংশ্লিষ্ট ঘটনাগুলো বিশদভাবে পর্যালোচনা করে। সভায় বিভিন্ন বিভাগের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে পরীক্ষাকেন্দ্রে নিষিদ্ধ উপকরণ বহন ও ব্যবহারের অভিযোগ যাচাই করা হয়।

সভা-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীর প্রত্যেকের কাছ থেকেই পরীক্ষার সময় অননুমোদিত উপকরণ জব্দ করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে ছিল হাতে লেখা ছোট নোট, লিখিত চিরকুট এবং বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ সূত্র ও তথ্যসংবলিত কাগজপত্র।

গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ECE) বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী, পুরকৌশল (সিভিল ইঞ্জিনিয়ারিং) বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী এবং যন্ত্রকৌশল (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং) বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী এই শাস্তির আওতায় পড়েছেন।

বোর্ড অব ডিসিপ্লিনের সদস্য-সচিব ও ছাত্রকল্যাণ পরিচালক রবিউল ইসলাম সরকার বলেন, “বিশ্ববিদ্যালয়ে নৈতিকতা ও একাডেমিক সততা বজায় রাখা অত্যন্ত জরুরি। কোনো শিক্ষার্থী অসদুপায় গ্রহণ করলে তা শুধু তার নিজের ক্ষতিই নয়, পুরো শিক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। পরীক্ষায় অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি এবং ভবিষ্যতেও কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সুষ্ঠু শিক্ষাব্যবস্থা ও নৈতিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

Leave Your Comments