নিজস্ব প্রতিনিধি :
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পাঠানো হয়েছে। শনিবার (২ মে) স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাঁর মরদেহ বাংলাদেশের উদ্দেশে রওনা হয়।
ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লিমনের মরদেহবাহী উড়োজাহাজটি দুবাই হয়ে সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার ফ্লোরিডার টাম্পা বে এলাকায় ইসলামিক সোসাইটিতে জামিল আহমেদ লিমনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, বাংলাদেশি কমিউনিটির সদস্য এবং স্বজনরা অংশ নেন।
গত ১৬ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) নিখোঁজ হন। পরদিন তাঁদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানালে তদন্ত শুরু হয়।
এই ঘটনায় লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়। তদন্তে জানা যায়, জিজ্ঞাসাবাদের পর ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ সংলগ্ন এলাকায় কালো রঙের আবর্জনার ব্যাগের মধ্যে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
আদালতের নথি অনুযায়ী, লিমনের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত আবুঘরবেহর বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যার দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তকারীরা তাঁর কাছ থেকে একটি অস্ত্রও উদ্ধার করেছেন বলে জানা গেছে।
অন্যদিকে, ২৬ এপ্রিল একই এলাকার একটি ম্যানগ্রোভ অঞ্চলে মাছশিকারিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ একটি কালো পলিথিনের ভেতর থেকে খণ্ডিত মরদেহের অংশ উদ্ধার করে। পরে ৩০ এপ্রিল হিসলবরো কাউন্টি শেরিফ নিশ্চিত করেন, উদ্ধার হওয়া অংশগুলো নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির।