হামের প্রাদুর্ভাব বাড়ছে, একদিনে ১০ জনের প্রাণহানি

Date: 2026-05-03
news-banner

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিত হামে আক্রান্ত হয়ে হয়েছে, আর বাকি ৯ জন মারা গেছেন হামের উপসর্গ নিয়ে।

রোববার (৩ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৫০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪৪ জনে।

এ ছাড়া গত ১৫ মার্চের পর থেকে দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩১৩ জন। একই সময়ে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৪৯১ জন।

হাম পরিস্থিতির কারণে এ পর্যন্ত ২৭ হাজার ৮১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২০ হাজার ৯০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। সময়মতো টিকা গ্রহণ, আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে সংক্রমণ কমানো সম্ভব।

Leave Your Comments