পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে নতুন শান্তি প্রস্তাব পাঠিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে দেওয়া ১৪ দফার এ প্রস্তাবে যুদ্ধ বন্ধ, অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে ৩০ দিনের মধ্যে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানানো হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান প্রস্তাবটিকে “বাস্তবসম্মত” হিসেবে উল্লেখ করেছে এবং নির্ধারিত সময়ের মধ্যে একটি কাঠামোগত চুক্তিতে পৌঁছানোর ওপর গুরুত্ব দিয়েছে।
ইরানের প্রস্তাবে মূলত তিনটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সেগুলো হলো—ইরান ও লেবাননে চলমান যুদ্ধের সমাপ্তি, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা।
প্রস্তাব অনুযায়ী, প্রাথমিক সমঝোতা বাস্তবায়নের পর ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলাদা পর্যায়ে আরও এক মাস ধরে আলোচনা চালানো হবে। তেহরান বলছে, যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর চেয়ে স্থায়ীভাবে যুদ্ধের অবসানই হওয়া উচিত আলোচনার মূল লক্ষ্য।
ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের দেওয়া ৯ দফা প্রস্তাবের জবাব হিসেবেই এ পরিকল্পনা পাঠিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র যেখানে দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, সেখানে ইরান ৩০ দিনের মধ্যেই সমাধানে পৌঁছানোর ওপর জোর দিচ্ছে।
ইরানের সর্বোচ্চ নেতা ইমাম মোজতবা খামেনি জানিয়েছেন, আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর নিয়ম মেনে দেশটি তাদের পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাবে। জাতিসংঘেও একই অবস্থান তুলে ধরছেন ইরানের প্রতিনিধি আলি বাহরেনি।
এদিকে ইরানের লিগ্যাল মেডিসিন সংস্থার তথ্যমতে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত সংঘাতে মোট ৩ হাজার ৩৭৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ হাজার ৮৭৫ জন পুরুষ এবং ৪৯৬ জন নারী রয়েছেন।
জরুরি চিকিৎসা বিভাগের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে অন্তত ১১৮ জন চিকিৎসাকর্মী আহত হয়েছেন এবং ২৬ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন।