৩৪ হাজার ফুট উচ্চতায় প্রসব বেদনা, উড়োজাহাজেই সন্তান জন্ম দিলেন নারী

Date: 2026-05-03
news-banner

ইতালির রোমগামী একটি উড়োজাহাজে ৩৪ হাজার ফুট উচ্চতায় সন্তান জন্ম দিয়েছেন এক অন্তঃসত্ত্বা নারী। ঘটনাটি ঘটেছে আকাশপথে, যা যাত্রী ও কেবিন ক্রুদের মধ্যে সৃষ্টি করে নাটকীয় পরিস্থিতি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মেট্রো জানায়, বুধবার (২৯ এপ্রিল) সেনেগালের রাজধানী ডাকার থেকে ইতালির রোমগামী আইটিএ এয়ারওয়েসের ফ্লাইট এজেড৮৫৫-এ এ ঘটনা ঘটে।

উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পর কেবিন ক্রুরা জানতে পারেন, সাত মাসের অন্তঃসত্ত্বা এক যাত্রীর প্রসব বেদনা শুরু হয়েছে। পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠলে তাকে বিমানের একটি নিরিবিলি স্থানে নেওয়া হয়।

পরে যাত্রীদের উদ্দেশ্যে ঘোষণা দিয়ে কোনো চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী থাকলে সহযোগিতার আহ্বান জানানো হয়। এতে একজন চিকিৎসক ও একজন নার্স এগিয়ে আসেন। তাদের সহায়তায় বিমানের মধ্যেই সফলভাবে সন্তান প্রসব করেন ওই নারী।

প্রসবের পর মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন বলে জানিয়েছে দ্য মেট্রো। ঘটনাটিকে “বিরল ও বিশেষ” হিসেবে উল্লেখ করেছে আইটিএ এয়ারওয়েস।

সংস্থাটি জানায়, তাদের কোনো ফ্লাইটে এই প্রথম আকাশে শিশুর জন্ম হলো। একই সঙ্গে জরুরি মুহূর্তে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য কেবিন ক্রুদের প্রশংসা করা হয়েছে এবং সহায়তায় এগিয়ে আসা চিকিৎসক ও নার্সকে ধন্যবাদ জানানো হয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, পশ্চিম সাহারা ও মৌরিতানিয়ার মাঝামাঝি আকাশে অবস্থান করার সময় উড়োজাহাজটি ঘুরিয়ে নেওয়া হয়। সতর্কতামূলক সিদ্ধান্ত হিসেবে পাইলটরা প্লেনটি ডাকারেই ফিরিয়ে নেন।

স্থানীয় সময় রাত আড়াইটার দিকে উড়োজাহাজটি নিরাপদে ব্লেইজ ডিয়াগনে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর একই উড়োজাহাজ পুনরায় যাত্রা শুরু করে এবং পরে রোমে পৌঁছায়।

Leave Your Comments