নিজস্ব প্রতিবেদক:
জাতীয় প্রেসক্লাবের সামনে এশিয়ান টেলিভিশনের প্রতিনিধিদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা ক্ষতিগ্রস্ত প্রতিনিধিরা এ কর্মসূচিতে অংশ নেন।
অভিযোগ রয়েছে, বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টিভিতে কর্মরত দেশব্যাপী প্রায় ৮০০ প্রতিনিধিকে বিনা নোটিশে চাকরিচ্যুত করা হয়েছে। এর প্রতিবাদে ভুক্তভোগীরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে চাকরিতে পূর্ণবহালের দাবি জানান।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি এশিয়ান টিভির সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার পর জ্যেষ্ঠ সাংবাদিক হাসনাইন খুরশেদ (শুচি) প্রতিনিধিদের চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেন। তাদের দাবি, কোনো ধরনের পূর্ব নোটিশ, কারণ দর্শানো বা আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ না করেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও হঠাৎ চাকরি হারিয়ে তারা আর্থিক ও সামাজিকভাবে সংকটে পড়েছেন। তাদের ভাষ্য, এ সিদ্ধান্ত অন্যায় ও অমানবিক।
বিক্ষোভকারীরা অবিলম্বে চাকরিতে পূর্ণবহাল, বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং এ সিদ্ধান্তের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে তারা এশিয়ান টিভির সিইও হাসনাইন খুরশেদের অপসারণের দাবিও তোলেন।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে সাংবাদিক নেতা মো. মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের চেয়ারম্যান আহমেদ আবু জাফরসহ বিভিন্ন জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে সাংবাদিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।