নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক করেছে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে নেতা-কর্মী ও সমর্থকেরা কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ করছেন। একই সঙ্গে শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করায় ওই এলাকা থেকে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।
রোববার দুপুর ১২টার দিকে কুমিল্লা শহরের শাসনগাছা এলাকার বাসা থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে আটক করে। রেজাউল কাইয়ুম কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
পুলিশের পক্ষ থেকে আটকের বিষয়টি নিশ্চিত করা হলেও নির্দিষ্ট কারণ জানানো হয়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, ঊর্ধ্বতন নির্দেশে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে শাসনগাছা বাস টার্মিনালকেন্দ্রিক চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
আটকের খবর ছড়িয়ে পড়ার পর বিএনপির নেতা-কর্মী, সমর্থক ও পরিবহনশ্রমিকেরা কোতোয়ালি থানা প্রাঙ্গণে জড়ো হন। দুপুর সাড়ে ১২টার দিকে থানার সামনে শতাধিক বিক্ষোভকারী অবস্থান নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং থানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে চাপ সৃষ্টি করেন।
শাসনগাছা বাস টার্মিনালেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিভিন্ন পরিবহনের চালক ও শ্রমিকেরা প্রতিবাদ জানিয়ে টার্মিনাল অবরোধ করেন। ফলে ওই টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে থানার বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে রেজাউল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তবে এখনো তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়নি।
তিনি আরও বলেন, থানার সামনে কিছু লোকজন অবস্থান নিয়েছেন এবং তাদের শান্ত করার চেষ্টা চলছে।
এ বিষয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত মন্তব্য পাওয়া যায়নি। বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি চলমান ছিল।