ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলাকালে সরকার গঠনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতি অনুযায়ী রাজ্যে বিজেপিই সরকার গঠন করতে যাচ্ছে।
সোমবার গণনা চলাকালে দেওয়া এক প্রতিক্রিয়ায় শুভেন্দু অধিকারী বলেন, জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিচ্ছেন এবং বিজেপি সেই প্রত্যাশা পূরণে প্রস্তুত।
প্রাথমিক ফলাফলের প্রবণতা অনুযায়ী, পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে রয়েছে উল্লেখযোগ্য ব্যবধানে। এখন পর্যন্ত পাওয়া তথ্যে দেখা গেছে, ২৯৪ আসনের বিধানসভায় বিজেপি এগিয়ে আছে ১৬৮ আসনে, যেখানে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ১১৪ আসনে।
বিশ্লেষকদের মতে, এই প্রবণতা অব্যাহত থাকলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দৃশ্যপটে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। দীর্ঘদিন ধরে রাজ্যের রাজনীতিতে প্রভাব বিস্তারকারী তৃণমূল কংগ্রেসের জন্য এটি একটি বড় ধাক্কা হতে পারে।
তবে চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি নিশ্চিত নয় বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। ভোট গণনা চলমান থাকায় আসনসংখ্যায় পরিবর্তন আসার সম্ভাবনাও রয়েছে।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের এই নির্বাচনকে ভারতের জাতীয় রাজনীতির জন্যও গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি রাজ্যটিতে তাদের অবস্থান শক্তিশালী করতে দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে আসছে।
চূড়ান্ত ফলাফল ঘোষণার পরই পরিষ্কার হবে, পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের দায়িত্ব কোন দলের হাতে যাচ্ছে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও পিটিআই