নিজস্ব প্রতিবেদক,
সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের ইটপাটকেলের আঘাতে উপজেলা প্রশাসনের চার কর্মচারী আহত হয়েছেন।
রোববার রাত আটটার দিকে উপজেলার ধলাই ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
অভিযান সূত্রে জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়ার নেতৃত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারসহ প্রশাসনের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করা হয়।
ট্রাক্টর জব্দের পর বালু উত্তোলনের সঙ্গে জড়িত প্রায় ২০০ থেকে ৩০০ লোক একত্র হয়ে ভ্রাম্যমাণ আদালতের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। এতে চারজন কর্মচারী আহত হন। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অক্ষত ছিলেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু লুট ও হামলার ঘটনায় আটক চারজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন কলাবাড়ী এলাকার মো. তেরা মিয়া (৫৫), দক্ষিণ কলাবাড়ীর মো. মাসুক (৪৫), উত্তর কলাবাড়ীর মো. গিয়াস (৩০) এবং পারুয়া মাঝপাড়া এলাকার মো. মিসছবাহ উদ্দিন (২০)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দণ্ডপ্রাপ্তদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।