নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রামের পটিয়ায় একটি নির্মাণাধীন ভবনে রঙের কাজ করার সময় নিচে পড়ে শহীদুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার বিকেলে উপজেলার ভাটিখাইন ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহীদুল ইসলাম উপজেলার খরনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লালারখীল গ্রামের প্রবাসী জসিম উদ্দিনের একমাত্র ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, ভাটিখাইন ইউনিয়নে একটি নির্মাণাধীন ভবনে বাঁশের মইয়ের ওপর দাঁড়িয়ে রঙের কাজ করছিলেন শহীদুল। এ সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রূপা বড়ুয়া জানান, বিকেল ৪টা ২০ মিনিটের দিকে শহীদুলকে হাসপাতালে আনা হয়, তবে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।