নিজস্ব প্রতিবেদক,
নাটোরের সিংড়া উপজেলায় নিজ ঘর থেকে রফিকুল ইসলাম (৪৫) নামের এক মাছ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ভোর পাঁচটার দিকে উপজেলার ইতালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাতে স্থানীয় বাজার থেকে বাড়িতে ফেরেন রফিকুল ইসলাম। রাতের খাবার শেষে দরজা খোলা রেখে নিজ ঘরে একাই ঘুমিয়ে পড়েন তিনি। ভোরে ফজরের নামাজ পড়তে উঠে তাঁর স্ত্রী শিউলি বেগম স্বামীর ঘরের দরজা খোলা দেখতে পান। পরে ঘরে ঢুকে বিছানার ওপর গলাকাটা অবস্থায় স্বামীর লাশ দেখতে পান। তাঁর চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে আসেন।
নিহতের স্ত্রী শিউলি বেগম জানান, রাতে স্বামীকে কিছুটা চিন্তিত মনে হচ্ছিল। খাওয়া শেষে তিনি স্ত্রী ও সন্তানকে অন্য ঘরে ঘুমাতে বলেন।
নিহতের মামা আবদুল করিম বলেন, রফিকুল ইসলাম অত্যন্ত ভদ্র ও শান্ত স্বভাবের মানুষ ছিলেন এবং কারও সঙ্গে তার কোনো বিরোধ ছিল না। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
খবর পেয়ে সকাল সাতটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে।
তিনি আরও জানান, এখনো এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে হত্যার কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।