সংঘাতের বাইরে থাকা দেশগুলোর জাহাজকে নিরাপদে সরিয়ে নিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে নতুন উদ্যোগ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্যের সময় অনুযায়ী সোমবার সকাল থেকেই ‘প্রজেক্ট ফ্রিডম’ কার্যক্রম শুরু হওয়ার কথা।
এদিকে, মার্কিন সামরিক বাহিনীর ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এই উদ্যোগ বাস্তবায়নে তারা সরাসরি সহায়তা দেবে। পরিকল্পনার অংশ হিসেবে প্রায় ১৫ হাজার সেনা মোতায়েন করা হবে। পাশাপাশি থাকবে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী ডেস্ট্রয়ার এবং শতাধিক যুদ্ধবিমান।
সেন্টকম এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধারে ৪ মে থেকে তারা ‘প্রজেক্ট ফ্রিডম’-এ অংশ নিচ্ছে।
ট্রাম্প এই উদ্যোগকে ‘মানবিক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করে বলেন, আটকে থাকা অনেক জাহাজে খাদ্যসংকট দেখা দিচ্ছে। তাই তাদের নিরাপদে বের করে আনা জরুরি। তিনি দাবি করেন, এই উদ্যোগ শুধু যুক্তরাষ্ট্র নয়, মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি ইরানের পক্ষ থেকেও ইতিবাচক হিসেবে দেখা উচিত।
তবে একই সঙ্গে কড়া হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, এই কার্যক্রমে কেউ বাধা দিলে তাকে কঠোরভাবে মোকাবিলা করা হবে।
উল্লেখ্য, চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে হরমুজ প্রণালিতে বহু বাণিজ্যিক জাহাজ আটকা পড়েছে, যা বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলছে।