হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ঘোষিত সামরিক উদ্যোগ ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর এই ঘোষণার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান।
দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালিতে কোনো বিদেশি সামরিক উপস্থিতি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাহিনী প্রবেশের চেষ্টা করলে সরাসরি হামলা চালানো হবে। তারা দাবি করেছে, এই গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তার দায়িত্ব ইরানের সামরিক বাহিনীর ওপরই ন্যস্ত।
বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে যেকোনো উদ্যোগ ইরানের সঙ্গে সমন্বয় করেই নিতে হবে। অন্যথায় তা ‘উসকানিমূলক পদক্ষেপ’ হিসেবে বিবেচিত হবে।
এর আগে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘোষণা করেন ট্রাম্প। তিনি এটিকে একটি ‘মানবিক উদ্যোগ’ হিসেবে উল্লেখ করেন।
এদিকে মার্কিন সামরিক বাহিনীর ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এই উদ্যোগ বাস্তবায়নে তারা সক্রিয়ভাবে অংশ নেবে। পরিকল্পনার অংশ হিসেবে প্রায় ১৫ হাজার সেনা মোতায়েন, ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী ডেস্ট্রয়ার এবং শতাধিক যুদ্ধবিমান প্রস্তুত রাখা হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে হরমুজ প্রণালিতে উত্তেজনা আরও বাড়তে পারে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।