ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সর্বশেষ প্রাপ্ত ভোট গণনার প্রবণতা অনুযায়ী (বাংলাদেশ সময় সোমবার বিকেল সাড়ে ৪টা), বিজেপি এগিয়ে আছে ১৯৪ আসনে। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস (টিএমসি) এগিয়ে রয়েছে ৯৪ আসনে, যা দলটির জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
২৯৪ আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসন। সে হিসেবে ইতোমধ্যেই স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি।
রাজ্যের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীসহ বিজেপির শীর্ষ নেতারা দাবি করেছেন, বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর রাজনৈতিক অধ্যায়ের অবসান ঘটতে যাচ্ছে এবং রাজ্যে বিজেপিই সরকার গঠন করবে।
এদিকে, সম্ভাব্য জয়ের খবরে রাজ্যজুড়ে বিজেপি নেতা–কর্মীদের মধ্যে উৎসবের আমেজ দেখা যাচ্ছে। একই সঙ্গে, কে হতে পারেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী—তা নিয়েও শুরু হয়েছে জোর আলোচনা।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী ছাড়াও রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, সাবেক সভাপতি দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এবং সাবেক সাংবাদিক ও রাজ্যসভার সাবেক সদস্য স্বপন দাশগুপ্ত।
নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জোর দিয়ে বলেছিলেন, বিজেপি জয়ী হলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন একজন বাঙালি।
তবে এখনো ভোট গণনা চলমান থাকায় চূড়ান্ত ফলাফল পেতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।