ভবানীপুরে মমতার চেয়ে পিছিয়ে থাকলেও পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়ছে: দাবি শুভেন্দুর

Date: 2026-05-04
news-banner

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট গণনার মধ্যেই ভিন্ন ভিন্ন আসনে পাল্টাপাল্টি লিডের চিত্র দেখা যাচ্ছে। কলকাতার ভবানীপুর আসনে তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন। ষষ্ঠ দফা গণনা শেষে তিনি প্রতিদ্বন্দ্বী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী-র চেয়ে ১৯ হাজার ১০০-এর বেশি ভোটে লিডে আছেন।

তবে এই লিড স্থায়ী হবে না বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, এখন পর্যন্ত মমতার শক্ত ঘাঁটির ভোট গণনা হয়েছে, পরবর্তী ধাপে বিজেপির পক্ষে ফল আসবে।

অন্যদিকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে উল্টো চিত্র—সেখানে তৃণমূল প্রার্থী পবিত্র করের চেয়ে ৩ হাজার ১০০-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী।

সামগ্রিক ফলাফলের প্রবণতায় দেখা যাচ্ছে, রাজ্যজুড়ে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ষষ্ঠ দফা শেষে বিজেপি এগিয়ে ১৭৭ আসনে, আর তৃণমূল কংগ্রেস (টিএমসি) এগিয়ে ৯২ আসনে। অন্য দলগুলোর মধ্যে সিপিএম, এআইএসএফ ও বিজিপিএম একটি করে এবং এজেইউপি দুটি আসনে এগিয়ে রয়েছে।

এদিকে সম্ভাব্য জয়ের আভাসে আত্মবিশ্বাসী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে ‘গেরুয়া শাসন’ প্রতিষ্ঠিত হলেও কোথাও অশান্তি হতে দেওয়া হবে না। তিনি তৃণমূলের বিরুদ্ধে বিভাজন ও তোষণের রাজনীতির অভিযোগ এনে দাবি করেন, ভোটের মাধ্যমে জনগণ তার জবাব দিয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র নেতৃত্বে বিজেপি নির্বাচনে অংশ নিয়েছে উল্লেখ করে শুভেন্দু বলেন, কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার হলে ‘ডবল ইঞ্জিন’ মডেলে উন্নয়ন ত্বরান্বিত হবে।

তবে মুখ্যমন্ত্রী পদে কে থাকবেন—এ বিষয়ে সরাসরি কিছু না বলে তিনি জানান, এ সিদ্ধান্ত দলীয়ভাবে চূড়ান্ত করা হবে।

ভোট গণনা এখনো চলমান থাকায় চূড়ান্ত ফলাফল জানতে আরও সময় লাগবে।

Leave Your Comments