মোঃ মহাসিন, কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে অপহরণের ৪৮ ঘণ্টা পর নিখোঁজ পশু চিকিৎসক অনিমেষ পরামান্যকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কৃষকদলের এক ওয়ার্ড সভাপতি ও যুবদলের এক নেতা সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (২ মে) সকালে মুন্সীগঞ্জ এলাকায় গরুর চিকিৎসার কথা বলে কৌশলে ডেকে নিয়ে যাওয়া হয় অনিমেষ পরামান্যকে। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরবর্তীতে অজ্ঞাত নম্বর থেকে তার পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এলাকায় উদ্বেগ ও উত্তেজনার সৃষ্টি হয়।
ঘটনা প্রকাশ্যে আসার পর গণমাধ্যম, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। চাপের মুখে অপহরণকারীরা তাকে সুন্দরবনের গহীন জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায় বলে জানা গেছে। পরে বনসংলগ্ন এলাকায় মাছ ধরতে যাওয়া এক জেলের সহায়তায় তিনি লোকালয়ে ফিরে আসেন।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন—মুন্সিগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতি জব্বার (৩৫), একই এলাকার যুবদলের তথ্য বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান (৩২) এবং শাহিনুর গাজী (৩০)।
এদিকে, এই অপহরণের মূল পরিকল্পনাকারী হিসেবে টেংরাখালী দমদমা এলাকার মৃত আনছার ঢালীর ছেলে আশরাফ ঢালীর নাম উঠে এসেছে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধার হওয়া অনিমেষ পরামান্য বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. খালেদুর রহমান জানান, “এই ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মূল হোতা আশরাফ ঢালীকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। দ্রুতই তাকে আইনের আওতায় আনা হবে।”
ঘটনাটি এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। একটি অপহরণ মামলায় স্থানীয় রাজনৈতিক নেতাদের সম্পৃক্ততা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক রয়েছে।