পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে তৃণমূলের কার্যালয়ে হামলা–ভাঙচুর

Date: 2026-05-05
news-banner

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পর রাজ্যের বিভিন্ন স্থানে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিভিন্ন জেলায়।

তৃণমূল কংগ্রেসের দাবি, সোমবার ভোটের ফলাফলের গতিপ্রকৃতি স্পষ্ট হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতাসহ দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কোচবিহার, হাওড়া ও মুর্শিদাবাদে দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়। তাদের অভিযোগ, এসব হামলায় বিজেপির কর্মী-সমর্থকেরা জড়িত।

তবে এ অভিযোগ অস্বীকার করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এসব ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কলকাতার রুবি ক্রসিং এলাকায় তৃণমূলের একটি কার্যালয়ে ভাঙচুরের দৃশ্য দেখা গেছে। ভিডিওতে কয়েকজনের হাতে বিজেপির পতাকা দেখা যায়।

সোমবার অনুষ্ঠিত ভোট গণনার ফলাফলে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি ২০৬টি আসনে জয়লাভ করে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮১টি আসন।

ঘটনার পর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Leave Your Comments