পশ্চিমবঙ্গে বিজেপির জয়: ‘প্রতিশোধ নয়, পরিবর্তনের’ ডাক প্রধানমন্ত্রী মোদির

Date: 2026-05-05
news-banner

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর দিনটিকে ‘ঐতিহাসিক ও নজিরবিহীন’ বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, এ ফলাফল রাজ্যে ‘নতুন ভোরের সূচনা’ করেছে এবং উন্নয়নমুখী রাজনীতির প্রতি জনগণের আস্থার প্রতিফলন।

সোমবার সন্ধ্যায় বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতা-কর্মীদের উদ্দেশে দেওয়া ভাষণে মোদি পশ্চিমবঙ্গসহ আসাম, তামিলনাড়ু, কেরালা ও পদুচেরির ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও ভারতীয়রা গণতন্ত্রের প্রতি আস্থা রেখে স্থিতিশীল শাসনের পক্ষে রায় দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমাদের কাছে গণতন্ত্র শুধু একটি ব্যবস্থা নয়, এটি আমাদের ঐতিহ্যের অংশ। আজ ভারতের গণতন্ত্র, সংবিধান এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর জয় হয়েছে।”

তিনি দাবি করেন, বর্তমানে ভারতের ২০টির বেশি রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্ষমতায় রয়েছে এবং জনগণের আস্থা দিন দিন বাড়ছে। তাঁর ভাষায়, “যেখানে বিজেপি আছে, সেখানে সুশাসন ও উন্নয়ন রয়েছে।”

মোদি আরও বলেন, শ্যামা প্রসাদ মুখার্জির স্বপ্নের ‘শক্তিশালী ও সমৃদ্ধ বাংলা’ গড়ে তোলার সুযোগ এখন তৈরি হয়েছে। তিনি আশ্বাস দেন, নারীদের নিরাপত্তা, যুবকদের কর্মসংস্থান এবং সামগ্রিক উন্নয়নে কাজ করবে নতুন সরকার।

প্রধানমন্ত্রী জানান, সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভা বৈঠকেই “আয়ুষ্মান ভারত” প্রকল্প অনুমোদন দেওয়া হবে। পাশাপাশি অনুপ্রবেশ রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি।

ভাষণে রাজনৈতিক সহিংসতা পরিহার করে নতুন অধ্যায়ে প্রবেশের আহ্বান জানান মোদি। তিনি বলেন, “প্রতিশোধ নয়, পরিবর্তনের কথা বলতে হবে; ভয়ের নয়, ভবিষ্যতের কথা বলতে হবে।”

এদিকে বিরোধী দলগুলোর সমালোচনাও করেন প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন, নারী আসন সংরক্ষণসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগে বিরোধীরা বাধা সৃষ্টি করেছে।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী, ২৯৩টি আসনের মধ্যে বিজেপি ২০৬টিতে জয়ী বা এগিয়ে রয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮১টি আসন। তৃণমূল নেত্রী ও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজ আসনেও পরাজিত হয়েছেন।

উল্লেখ্য, ২০১১ সাল থেকে টানা ১৫ বছর পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস।

Leave Your Comments