নিউইয়র্কে ‘বইবিহীন’ বইয়ের দোকান, শুনেই পড়া যাচ্ছে গল্প

Date: 2026-05-05
news-banner

যুক্তরাষ্ট্রের New York শহরে চালু হয়েছে এক ব্যতিক্রমী বইয়ের দোকান, যেখানে নেই কোনো কাগুজে বই। বইয়ের তাক, পাতা বা মলাটের বদলে এখানে রয়েছে অডিওবুকের এক নতুন জগৎ।

ই-কমার্স জায়ান্ট Amazon–এর সহযোগী প্রতিষ্ঠান Audible গত শুক্রবার ম্যানহাটনের লোয়ার ইস্ট সাইডে ‘অডিবল স্টোরি হাউস’ নামে এই পপআপ স্টোর চালু করেছে। এটিকে নিউইয়র্কের প্রথম ‘বইবিহীন বইয়ের দোকান’ বলা হচ্ছে।

দোকানটিতে প্রবেশ করলে দেখা যাবে না কোনো বইয়ের তাক বা উপন্যাসের স্তূপ। এর পরিবর্তে সাজানো রয়েছে ‘স্টোরি টাইল’ নামের বিশেষ অডিওবুক ট্যাবলেট। এসব টাইল প্লেয়ারে সংযুক্ত করলেই হেডফোনের মাধ্যমে শোনা যায় বইয়ের অংশবিশেষ।

গ্রাহকরা কোনো বইয়ের অংশ শুনে পছন্দ হলে সেটির পূর্ণাঙ্গ সংস্করণ অডিবলের অ্যাপ থেকে শুনতে পারবেন। দোকানের ভেতরে রয়েছে একটি বিশেষ কক্ষ, যেখানে স্পিকারের মাধ্যমে দলগতভাবে গল্প শোনার সুযোগ আছে। পাশাপাশি ‘লিসেনিং বার’-এ ‘স্টোরি টেন্ডার’–এর সহায়তায় পছন্দ অনুযায়ী অডিওবুক বেছে নেওয়ার সুবিধাও রাখা হয়েছে।

অডিবলের প্রধান নির্বাহী Bob Carrigan জানান, এই স্টোরটি মূলত অডিও গল্প বলার অভিজ্ঞতাকে নতুনভাবে উপস্থাপন করার জন্য তৈরি করা হয়েছে। এক মাসের জন্য চালু হওয়া এই পপআপ স্টোরের লক্ষ্য হচ্ছে মানুষকে অডিওবুকের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করা।

অডিও পাবলিশার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ২০২৪ সালে অডিওবুক বাজারের আকার দাঁড়িয়েছে প্রায় ২২২ কোটি ডলার, যা গত পাঁচ বছরে প্রায় দ্বিগুণ হয়েছে। এই প্রবণতা দেখেই অডিবল তাদের সেবাকে আরও বিস্তৃত করতে এমন নতুন উদ্যোগ নিয়েছে।

Leave Your Comments