নিজস্ব প্রতিনিধি:
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজা নিজের বিরুদ্ধে ‘প্রোপাগান্ডা’ ছড়ানোর অভিযোগ তুলে সরব হয়েছেন। তিনি দাবি করেছেন, জনগণের জন্য কাজ করতে গেলেই একটি মহল পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করছে এবং তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।
সোমবার (৪ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। পোস্টে কুষ্টিয়াবাসীর উদ্দেশে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, মহান আল্লাহর রহমত এবং জনগণের ভালোবাসায় তিনি আজ সংসদ সদস্য হয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে লক্ষ্য করছেন, তিনি যখনই জনকল্যাণমূলক কাজ করতে যান, তখনই একটি ‘কুচক্রী মহল’ পেছন থেকে টেনে ধরার চেষ্টা করে এবং তাঁর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ায়।
চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজির প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাঁর নির্বাচিত হওয়ার পর অনেকেই আগের মতো এসব কার্যক্রম নির্বিঘ্নে চালাতে পারছেন না। ফলে তাদের স্বার্থে আঘাত লাগায় এখন তারা নানা অপপ্রচার চালাচ্ছে। তাঁর দাবি, এসব অপকর্মের বিরুদ্ধে অবস্থান নেওয়ায়ই তাঁকে টার্গেট করা হচ্ছে।
এমপি আমির হামজা আরও বলেন, কুষ্টিয়াবাসী তাঁকে যে দায়িত্ব দিয়েছে, তা রক্ষায় তিনি আপসহীন থাকবেন। যেকোনো বাধা মোকাবিলা করে জনগণের স্বার্থে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে অতীতের মতো ভবিষ্যতেও জনগণের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
তিনি তাঁর সমর্থকদের উদ্দেশে বলেন, সম্মিলিতভাবে লড়াই করে অপকর্মকারীদের পরাজিত করা সম্ভব এবং সেই লক্ষ্যেই তিনি এগিয়ে যেতে চান।
এদিকে তাঁর এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে টানাপোড়েনের প্রেক্ষাপটেই এমন বক্তব্য সামনে এসেছে।