নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন জাকারিয়া হোসাইন (সাব্বির)।
সম্প্রতি কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রকাশিত ওই নথিতে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের স্বাক্ষরে সাব্বিরসহ বেশ অনেককেই বিভিন্ন পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। এতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির-এর স্বাক্ষর রয়েছে।
জাকারিয়া হোসাইন (সাব্বির) নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার সন্তান। তার পিতা দেলোয়ার হোসেন। তিনি বানিয়াজান সরকারি সিটি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমানে আনন্দমোহন কলেজ, ময়মনসিংহে মাস্টার্সে অধ্যয়নরত।
সংগঠনের নেতাকর্মীরা জানান, সাব্বির দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার এই পদায়নকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা ইতিবাচক হিসেবে দেখছেন।
যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির বলেন, দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা যথাযথভাবে পালনের চেষ্টা করবো। সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।
উল্লেখ্য, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ নিয়মিতভাবে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন শাখায় নতুন কমিটি গঠন ও পদায়ন করে আসছে।