ইরানের দক্ষিণাঞ্চলে একটি বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরান-এর দায়ের বন্দরের একটি জেটিতে থাকা কয়েকটি বাণিজ্যিক জাহাজে আগুন লাগে, যা নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিস।
আল জাজিরা-র বরাতে জানা গেছে, আগুন লাগার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। দায়ের বন্দর ফায়ার সার্ভিসের প্রধান মজিদ ওমরানি মেহর নিউজ-কে জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
এ ঘটনায় এখন পর্যন্ত আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে তদন্ত শুরু করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জাহাজগুলোতে থাকা দাহ্য পদার্থের কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে থাকতে পারে।
ঘটনাটি এমন সময় ঘটল, যখন মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে বন্দর ও জ্বালানি অবকাঠামোগুলো বাড়তি ঝুঁকির মধ্যে রয়েছে। ফলে এই অগ্নিকাণ্ড নতুন করে উদ্বেগ তৈরি করেছে সংশ্লিষ্ট মহলে।