ফরিদপুরে গুজব ছড়িয়ে গণপিটুনিতে নিহত ট্রাকচালক হান্নান শেখের দুই বছরের কন্যা মুসলিমার পাশে দাঁড়িয়েছে সরকার। প্রধানমন্ত্রী Tarique Rahman–এর পক্ষ থেকে আজ মঙ্গলবার সকালে বোয়ালমারী উপজেলার সাতৈর গ্রামে তাদের বাড়িতে সহায়তা পৌঁছে দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান নিজে গিয়ে শিশুটির পরিবারের খোঁজখবর নেন। তিনি মুসলিমার দাদা শাহিদ শেখ ও দাদি নার্গিস বেগমের হাতে নগদ অর্থ, খেলনা ও খাদ্যসামগ্রী তুলে দেন। প্রায় এক ঘণ্টা ধরে তিনি পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
ইউএনও জানান, প্রাথমিকভাবে ২০ হাজার টাকা নগদ সহায়তা এবং প্রায় ১০ হাজার টাকার সমমূল্যের খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। এর মধ্যে চাল, ডাল, শিশুখাদ্য, গুড়া দুধ, সুজি ও আটা রয়েছে। পাশাপাশি পরিবারটির জন্য প্রতি মাসে ৩০ কেজি চাল সরবরাহ নিশ্চিত করতে একটি কার্ড করার পরামর্শ দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের পক্ষ থেকেও ব্যক্তিগত তহবিল থেকে সহায়তা দেওয়ার কথা রয়েছে।
তিনি আরও জানান, মুসলিমার ভবিষ্যৎ সুরক্ষায় সমাজসেবা অধিদপ্তর ও মহিলাবিষয়ক অধিদপ্তরের সহযোগিতা নেওয়া হবে। পরিবারটি শিশুটিকে এতিমখানায় দিতে রাজি নয়। তাই দাদা-দাদির কাছেই রেখে কীভাবে তার লালন–পালন ও ভবিষ্যৎ নিশ্চিত করা যায়, সে বিষয়ে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিচ্ছে।
উল্লেখ্য, গত শুক্রবার ফরিদপুরের নগরকান্দা উপজেলায় একটি সড়ক দুর্ঘটনার পর গুজব ছড়িয়ে স্থানীয় লোকজন ট্রাকচালক হান্নান শেখকে পিটিয়ে হত্যা করে। এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ঘটনায় প্রশাসন ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং দোষীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।