গাজীপুর থেকে মানিকগঞ্জ পর্যন্ত প্রায় ১৫০ কিলোমিটার পদযাত্রায় নেমেছেন দুটি রোভার স্কাউট দল। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঁচ দিনের এই পরিভ্রমণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এর লক্ষ্য রোভার স্কাউটদের সর্বোচ্চ স্বীকৃতি ‘প্রেসিডেন্টস রোভার স্কাউট (পিআরএস) অ্যাওয়ার্ড’ অর্জন।
আয়োজকেরা জানান, গাজীপুর থেকে শুরু হওয়া এই পদযাত্রা ফুলবাড়িয়া ও মির্জাপুর হয়ে মানিকগঞ্জের শিবালয়ে গিয়ে শেষ হবে। পথিমধ্যে স্কাউট সদস্যরা বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করবেন এবং নির্ধারিত স্থানে রাত্রিযাপন করবেন।
পরিভ্রমণে অংশ নেওয়া দল দুটি হলো মৌচাক মুক্ত স্কাউট গ্রুপ ও মানিকগঞ্জ সরকারি কলেজ রোভার গ্রুপ। এতে নেতৃত্ব দিচ্ছেন আফরিক আহাম্মেদ, সাইফুল ইসলাম, আল সানিয়াত ইসলাম এবং নারী রোভার দলের নেতা কবিতা আক্তার। সদস্যদের মধ্যে রয়েছেন নুসরাত জাহান নিহা ও মেরিনা সুলতানা।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা বলেন, এ ধরনের কার্যক্রম তরুণদের শারীরিক ও মানসিক দৃঢ়তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি এ উদ্যোগকে স্বাগত জানান।
স্কাউট নেতারা জানান, ‘পরিভ্রমণকারী ব্যাজ’ অর্জনের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে ১৫০ কিলোমিটার পথ হেঁটে অতিক্রম করা বাধ্যতামূলক। তবে তাদের এই যাত্রার উদ্দেশ্য শুধু ব্যাজ অর্জন নয়; বরং ধৈর্য, শৃঙ্খলা ও দলগত চেতনা গড়ে তোলাও এর মূল লক্ষ্য।
এই কর্মসূচির অংশ হিসেবে স্কাউট সদস্যরা জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবেন। প্লাস্টিক বর্জন, বায়ুদূষণ রোধ, ডেঙ্গু প্রতিরোধ, মাদকবিরোধী প্রচারণা ও বাল্যবিবাহ প্রতিরোধে তারা জনগণের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেবেন।
স্কাউট সদস্যরা আশা প্রকাশ করেছেন, সফলভাবে এই কর্মসূচি সম্পন্ন করে তারা পিআরএস অ্যাওয়ার্ড অর্জনের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখতে পারবেন।