ভিসির হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রতারণা, চক্রের সদস্য গ্রেপ্তার

Date: 2026-05-05
news-banner

একটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)–এর সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।

সোমবার দিবাগত রাতে ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সদর উপজেলার নৃসিংহপুর গ্রাম থেকে রিহাদ হাসান (২৩) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি ঝিনাইদহ সদরের গড়িয়াল গ্রামের বাসিন্দা।

সিআইডি জানায়, গ্রেপ্তারের সময় রিহাদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। ফোনটি পরীক্ষা করে অবৈধ অনলাইন জুয়ার প্রায় ৪০টি অ্যাপের সন্ধান পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, জুয়ার টাকা জোগাড় করতে তিনি বিভিন্ন ব্যক্তির হোয়াটসঅ্যাপ আইডি নিয়ন্ত্রণে নিয়ে প্রতারণা করতেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, এক বিশ্ববিদ্যালয় কর্মকর্তা তার কর্মস্থলে থাকা অবস্থায় ভাইস চ্যান্সেলরের পরিচয়ে একটি হোয়াটসঅ্যাপ বার্তা পান। সেখানে জরুরি প্রয়োজনে দুটি বিকাশ নম্বরে টাকা পাঠাতে বলা হয়। বিষয়টি নিশ্চিত করতে ফোন করলে প্রতারক চক্র সাড়া না দিয়ে দ্রুত টাকা পাঠাতে চাপ দেয়। পরে সরল বিশ্বাসে ওই কর্মকর্তা নিজের ব্যাংক হিসাব থেকে ৫৫ হাজার টাকা পাঠান।

পরবর্তীতে ভাইস চ্যান্সেলরের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে জানা যায়, তার হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক হয়েছিল এবং তিনি এমন কোনো নির্দেশ দেননি। তখন ভুক্তভোগী বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন।

এ ঘটনায় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তে সিআইডির একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রটির অবস্থান শনাক্ত করে এবং অভিযান চালিয়ে রিহাদকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিহাদ প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি অনলাইন জুয়ায় আসক্ত এবং প্রতারণার মাধ্যমে পাওয়া অর্থ সেখানে ব্যয় করতেন বলে জানিয়েছেন।

বর্তমানে মামলার তদন্ত করছে সিপিসি। এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে সবাইকে পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave Your Comments