বাংলাদেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন অবহেলার শিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি জনগণের মৌলিক অধিকার।
মঙ্গলবার (৫ মে) সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল-এ ৫০ শয্যার একটি আইসিইউ ইউনিট উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, কড়াইল, ভাসানটেক ও সাততলা বস্তির বাসিন্দারা আর স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবেন না।
নতুন আইসিইউ ইউনিটের পাশাপাশি হাসপাতালটিতে প্যাথলজি প্যাভিলিয়ন এবং গ্যাস্ট্রোলিভার সেন্টারও স্থাপন করা হয়েছে। আধুনিক চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
উদ্বোধনের পর ডা. জুবাইদা রহমান আইসিইউতে ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবার মান নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।