দেশের কোথাও বর্তমানে লোডশেডিং নেই বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে তিনি স্বীকার করেন, কারিগরি ত্রুটির কারণে কোথাও কোথাও সাময়িক বিদ্যুৎ বিভ্রাট হতে পারে।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ ডিসি সম্মেলনের তৃতীয় দিনের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আগের সময়ে কৃত্রিমভাবে জ্বালানি সংকট তৈরি করা হয়েছিল এবং যারা ডিজেল চুরি বা এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র জানিয়েছে, গত ২৭ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হওয়ায় দেশে লোডশেডিং হয়নি। পিডিবির চেয়ারম্যান জানান, বর্তমানে উৎপাদন সক্ষমতা চাহিদা পূরণে সক্ষম এবং ছোটখাটো কারিগরি সমস্যার কারণে যে সাময়িক বিঘ্ন ঘটছে, তা দ্রুত সমাধান করা হচ্ছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও শূন্য লোডশেডিং ধরে রাখার চেষ্টা অব্যাহত থাকবে।