এম এইচ মুন্না : রাজধানীর মুগদায় ৩,৫০০ পিস ইয়াবাসহ ইরফানুল হক (৩০) এবং মোঃ শাহিদুল ইসলাম (২৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুগদা থানা পুলিশ।
আজ সোমবার (২৪ অক্টোবর) বিকাল সাড়ে চারটার দিকে মুগদা থানাধীন উত্তর মুগদাস্থ মুগদা হাসপাতালের বিপরীত পাশে পানির এটিএম বুথের সামনে থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে মুগদা থানার ইন্সপেক্টর অপারেশন আশীষ কুমার দেব এর নেতৃত্বে , এসআই (নিঃ) মোজাম্মেল হোসেন খান সঙ্গীয় এস আই আরসেল তালুকদার ও এএসআই মফিজুল ইসলাম এ অভিযান চালায়। অভিযানে, মোঃ ইরফানুল হকের দেহ তল্লাশি করে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট এবং মোঃ শাহিদুল ইসলামের দেহ তল্লাশি করে ১,৫০০ (এক হাজার পাঁচশত) পিস ইয়াবা উদ্ধার করেন।
এ ব্যাপারে মুগদা থানার অফিসার ইনচার্জ মো. জামাল উদ্দিন মীর বার্তা বিচিত্রা'কে বলেন, আটক দুজন পেশাদার মাদক ব্যবসায়ী। জানতে পারি, তারা বেশ কিছুদিন যাবত মুগদাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। আটকের পরে তাদের বিরুদ্ধে মুগদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। তিনি আরও বলেন, মাদক নির্মূলের অঙ্গীকারে আমরা বদ্ধপরিকর। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।