পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। দলটির মন্ত্রিসভার ৩৫ জন সদস্যের মধ্যে ২২ জনই নিজ নিজ আসনে পরাজিত হয়েছেন—অর্থাৎ প্রায় ৬৩ শতাংশ মন্ত্রী জয় নিশ্চিত করতে পারেননি।
ভারতীয় সংবাদমাধ্যম NDTV-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই পরাজয়ের তালিকায় রয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-ও। তিনি কলকাতার ভবানীপুর আসনে পরাজিত হয়েছেন বলে উল্লেখ করা হয়।
নির্বাচনে পরাজিত হওয়া মন্ত্রীদের মধ্যে আছেন রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বে থাকা নেতা–নেত্রীরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য—অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সুজিত বসু, ইন্দ্রনীল সেন, মলয় ঘটক, মানস ভূঁইয়া, স্নেহাশিস চক্রবর্তীসহ আরও অনেকে।
শিক্ষা, বিদ্যুৎ, শিল্প, নারী ও শিশুকল্যাণ, পরিবহনসহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা একাধিক মন্ত্রী এই নির্বাচনে পরাজয়ের মুখে পড়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফল রাজ্যে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তারা বলছেন, বিরোধী দল বিজেপির পক্ষে শক্তিশালী জনমত তৈরি হয়েছে, যার প্রভাব তৃণমূলের শীর্ষ নেতৃত্ব পর্যন্ত পৌঁছেছে।