নিহত আয়েশাকে ৭ বছর পর জীবিত উদ্ধার করল পুলিশ

Date: 2026-05-05
news-banner

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ৭ বছর আগে নিখোঁজ হওয়া আয়েশা খাতুন (২৪) নামে এক তরুণীকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ মে) রাতে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে হেফাজতে নেয়া হয়।

ভোলাহাট থানার ওসি আব্দুল বারিক জানান, ২০১৯ সালের ৩১ মে বাড়ি থেকে বের হওয়ার পর আয়েশা নিখোঁজ হন। দীর্ঘ অনুসন্ধানেও তার সন্ধান না মেলায় পরিবারের পক্ষ থেকে অপহরণ ও হত্যার অভিযোগে মামলা করা হয়। পরে তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা না পাওয়ায় পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দেয়।

পরবর্তীতে ২০২৪ সালে নতুন করে একই ঘটনায় চারজনকে আসামি করে অপহরণ ও হত্যার মামলা দায়ের করা হয়, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।

পুলিশ জানায়, সম্প্রতি আয়েশার জীবিত থাকার তথ্য পাওয়ার পর তার অবস্থান শনাক্তে অভিযান চালানো হয়। সোমবার বিকেলে রাজশাহী থেকে ভোলাহাটগামী একটি বিআরটিসি বাসে ওঠার সময় তাকে শনাক্ত করে পুলিশ। পরে বাসস্ট্যান্ডে পৌঁছালে তাকে হেফাজতে নেয়া হয়।

ওসি আব্দুল বারিক আরও জানান, জিজ্ঞাসাবাদে আয়েশা ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছেন—কখনো তিনি কুষ্টিয়ায় ছিলেন, আবার কখনো ঢাকার মিরপুরে থাকার কথা বলেছেন। মঙ্গলবার (৫ মে) আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট তার ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করেন। পরে তাকে পরিবারের জিম্মায় দেয়া হয়।

তবে বিষয়টি ঘিরে তৈরি হয়েছে নতুন জটিলতা। পুলিশ পরিবারের কাছে হস্তান্তরের পরও আয়েশাকে বাড়িতে পাওয়া যায়নি বলে জানা গেছে। এ ঘটনায় এলাকাজুড়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে।

অন্যদিকে মামলার এক আসামি নাজমা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি শয্যাশায়ী, আমি কোনো দিনই ওই মেয়ের সংস্পর্শে যাইনি। অথচ আমাকে অপহরণ ও হত্যার মামলায় জড়ানো হয়েছে। এখন মেয়েটি জীবিত পাওয়া গেছে, আমরা ন্যায়বিচার চাই।”

ঘটনাটি ঘিরে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা চলছে এবং পুরো বিষয়টি এখন নতুন করে তদন্তের মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave Your Comments