পাবনায় আবাসিক হোটেলে নারীর গলাকাটা মরদেহ, মালিক-কর্মচারী লাপাত্তা

Date: 2026-05-05
news-banner

পাবনা শহরের একটি আবাসিক হোটেল কক্ষে অজ্ঞাতনামা এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) দুপুরে শহরের আওরঙ্গজেব রোডের “লাকি বোর্ডিং” নামের হোটেলের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাতে জানা যায়, হোটেল কক্ষ থেকে দীর্ঘ সময় ধরে দুর্গন্ধ বের হতে থাকায় সন্দেহ সৃষ্টি হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙে ভেতরে ওই নারীর মরদেহ দেখতে পায়।

পুলিশ জানায়, নিহত নারীর বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। তার পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। মরদেহের গলায় ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

ঘটনার পর থেকেই হোটেলের মালিক ও কর্মচারীরা পলাতক রয়েছে। হোটেলটি বর্তমানে বন্ধ অবস্থায় আছে। এতে হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততা থাকতে পারে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, “ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। মরদেহ হোটেল কক্ষেই রাখা আছে। ক্রাইম সিন ইউনিটকে জানানো হয়েছে। তারা এলে তদন্ত কার্যক্রম শুরু হবে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং অজ্ঞাত নারীর পরিচয় শনাক্তে কাজ করা হচ্ছে।

Leave Your Comments