নারায়ণগঞ্জ শহরের বোয়ালিয়া খাল এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার ও মাদকবিরোধী অভিযানে র্যাবের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় র্যাবের তিন সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার (৫ মে) দুপুরে শহরের লিচুবাগ এলাকার বোয়ালিয়া খাল সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
র্যাব-১১ সূত্রে জানা যায়, অভিযানের সময় হঠাৎ দুর্বৃত্তরা র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তিনজনকে আহত করে। আহতদের মধ্যে র্যাব সদস্য মাহী ও ইব্রাহীমকে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত উপ-পরিদর্শক (এসআই) নজিবুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ঘটনার পরপরই র্যাব-১১ এর ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে সদর হাসপাতালে আহত সদস্যদের দেখতে যান। পরে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় বিস্তারিত তথ্য পরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।