নরসিংদীতে পরকীয়ার জেরে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটক

Date: 2026-05-05
news-banner

নরসিংদীর পলাশ উপজেলায় স্বামীর পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে দাম্পত্য কলহের জেরে জান্নাতুল নাঈম রুমি (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্বামী কামাল উদ্দিনকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে সোমবার (৪ মে) রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার নতুনপাড়া মহল্লায়।

নিহত রুমি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার সেকান্দরপুর গ্রামের আব্দুর রহিমের মেয়ে। তিনি স্বামী কামাল উদ্দিনের সঙ্গে পলাশের নতুনপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্কে জড়িত ছিলেন। এ বিষয়টি নিয়ে দাম্পত্য জীবনে বিরোধ চলছিল। ঘটনার দিন দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা তৈরি হয় এবং মারধরের ঘটনাও ঘটে।

পরবর্তীতে রাতে অভিমান করে রুমি নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে জানা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ ও স্বামীর পরকীয়া সম্পর্কের কারণে এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave Your Comments