রুনা লায়লার মৃত্যুর গুজব, ক্ষোভ প্রকাশ করলেন গায়িকা

Date: 2026-05-05
news-banner

বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর গুজব সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন স্বয়ং শিল্পী। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং ভারতের দিল্লিতে একটি সম্মাননা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।

গুজবের সূত্রপাত হয় সোমবার (৪ মে) সন্ধ্যায় দিল্লিতে ‘মিনার-ই-দিল্লি’ পুরস্কার গ্রহণের পরপরই। এর কিছুক্ষণের মধ্যেই সামাজিকমাধ্যমে তার মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়ে, যা দ্রুতই ভাইরাল হয়ে দেশে-বিদেশে ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে।

তবে বিষয়টি নাকচ করে রুনা লায়লা তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে জানান, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। একই সঙ্গে ভক্তদের উদ্দেশে তিনি অনুরোধ করেন, যাচাই না করে কোনো তথ্য শেয়ার না করতে।

মঙ্গলবার (৫ মে) দিল্লি থেকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেও তিনি গুজবের বিষয়টি স্পষ্টভাবে অস্বীকার করেন। তিনি জানান, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতসহ বিভিন্ন দেশ থেকে অসংখ্য ফোন ও বার্তা পেয়ে তিনি বিস্মিত ও বিব্রত হয়েছেন।

রুনা লায়লা বলেন, “এ ধরনের গুজব শুধু আমার জন্য নয়, আমার পরিবারের জন্যও অত্যন্ত কষ্টদায়ক।”

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে বা দায়িত্বহীনভাবে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা দিন দিন বাড়ছে, যা ব্যক্তি ও পরিবারের জন্য মানসিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

শেষে ভক্তদের প্রতি ভালোবাসা ও উদ্বেগের জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

Leave Your Comments