পটুয়াখালী দুই বাসে তল্লাশি চালিয়ে ১৪০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ

Date: 2026-05-05
news-banner

আব্দুল কাইয়ুম আরজু, পটুয়াখালী প্রতিনিধি:

​পটুয়াখালীর মহিপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পরিবহনকালে ১ হাজার ৪০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (৫ মে) গভীর রাতে মহিপুর থানাধীন হাজিপুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়।

​কোস্ট গার্ড দক্ষিণ জোন সূত্রে জানা গেছে, সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন ও সংরক্ষণে সরকার ঘোষিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে রাত ২টার দিকে বিসিজি স্টেশন নিজামপুর একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন হাজিপুর টোল প্লাজা এলাকায় সন্দেহভাজন দুটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় বাস দুটি থেকে আনুমানিক ৫ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়।

​মঙ্গলবার সকালে জব্দকৃত এসব মাছ কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

​বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ আবুল কাশেম জানান, সামুদ্রিক জলসীমায় মৎস্য আহরণ নিষিদ্ধকালীন সরকারের এই নির্দেশনা বাস্তবায়নে কোস্ট গার্ড তৎপর রয়েছে। জাতীয় মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

​উল্লেখ্য, সামুদ্রিক মাছের বংশবিস্তার ও সংরক্ষণের লক্ষ্যে গত ১৫ এপ্রিল থেকে আগামী ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার।

Leave Your Comments