সীমানাদেয়াল ভাঙা নিয়ে বিরোধের জেরে রিকশাচালককে কুপিয়ে হত্যা

Date: 2026-05-06
news-banner

মেহেরপুর পৌর শহরের শেখপাড়া এলাকায় সীমানা দেয়াল ভাঙাকে কেন্দ্র করে বিরোধের জেরে গোলাম হোসেন (৪৬) নামে এক রিকশাচালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত গোলাম হোসেন ওই এলাকার ইয়াসিন আলীর ছেলে। অভিযুক্ত সামিরুল ইসলাম, যিনি সম্পর্কে তার খালাতো ভাই, ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, গত ২ মে রিকশা নিয়ে বাড়ি ফেরার পথে গোলাম হোসেনের কারণে প্রতিবেশী বন্যা খাতুনের বাড়ির সীমানা দেয়ালের একটি অংশ ভেঙে যায়। এ নিয়ে প্রথমে বাকবিতণ্ডা হলেও পরে গোলাম নিজ উদ্যোগে দেয়ালটি মেরামত করে দেন। তবে টিনের ফটক লাগানো নিয়ে আবারও নতুন করে বিরোধ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে গোলাম হোসেন রিকশা নিয়ে বের হওয়ার সময় বন্যা খাতুন তাঁর পথরোধ করেন এবং ফটক ঠিক করার জন্য চাপ দেন। একপর্যায়ে তিনি গোলামের রিকশায় তালা লাগিয়ে দেন এবং মোবাইল ফোনে সামিরুল ইসলামকে ডাকেন।

পরে সামিরুল ঘটনাস্থলে এসে হাঁসুয়া দিয়ে গোলাম হোসেনের ওপর এলোপাতাড়ি হামলা চালান। এতে গুরুতর আহত হন গোলাম। এ সময় তাঁর স্ত্রী আলেয়া খাতুনসহ স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারী পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় গোলাম হোসেনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবীর জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Leave Your Comments