রাজশাহীতে টেন্ডার বক্স ছিনতাইয়ের ঘটনায় যুবদলের দুই নেতাকে বহিষ্কার

Date: 2026-05-06
news-banner

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) কার্যালয়ে দরপত্র জমা দেওয়ার বাক্স ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) রাতে রাজশাহী মহানগর যুবদল এ সিদ্ধান্ত জানায়।

বহিষ্কৃতরা হলেন—রাজশাহী নগরের ১৮ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) যুবদলের আহ্বায়ক মো. ধলু এবং ১৬ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আজিজুল ইসলাম।

রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজে তাঁদের সরাসরি সম্পৃক্ততা স্পষ্ট হওয়ায় কারণ দর্শানোর নোটিশের অপেক্ষা না করে দ্রুত বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।

মাসুদুল হক মৃধা মোমিন স্বাক্ষরিত বহিষ্কারপত্রে বলা হয়েছে, আরডিএ কার্যালয়ে টেন্ডার প্রক্রিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং অরাজকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতে তাঁদের কোনো কর্মকাণ্ডের দায় দল নেবে না বলেও উল্লেখ করা হয়।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে আরডিএ ভবনে পুলিশের উপস্থিতিতেই একদল যুবক দরপত্র বাক্স ছিনিয়ে নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ২০–২৫ জনের একটি দল হঠাৎ ভবনে ঢুকে বাক্সটি নিয়ে যায়। পরে কয়েক মিনিটের মধ্যে ভবনের চারতলা থেকে বাক্সটি উদ্ধার করা হয়। এ সময় ভবনের সামনে হাতাহাতির ঘটনাও ঘটে, যা এলাকায় উত্তেজনা সৃষ্টি করে।

আরডিএর সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান বলেন, দরপত্র বাক্সটি পুলিশের পাহারায় ছিল। কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি জোর করে সেটি নিয়ে যায় এবং অল্প সময়ের মধ্যেই ভবনের ভেতরে ফেলে রেখে চলে যায়।

আরডিএর প্রধান নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান জানান, চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। টেন্ডার মূল্যায়ন কমিটি পরবর্তী সিদ্ধান্ত নেবে।

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, পরিত্যক্ত ও ব্যবহার অনুপযোগী মালামাল বিক্রির জন্য গত ২০ এপ্রিল দরপত্র আহ্বান করা হয়। শেষ দিনে এমন ঘটনায় পুরো প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।

Leave Your Comments