নড়াইল সদর উপজেলায় খালার বাড়িতে বেড়াতে নিয়ে গিয়ে ঘুমন্ত স্ত্রীকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত চাঁদনী আক্তার খাদিজা (২২) খুলনার ফুলতলা উপজেলার দামোদর এলাকার বাসিন্দা। তাঁর স্বামী সাকিব শেখ (২৫) একই এলাকার জাহিদ শেখের ছেলে।
পুলিশ জানায়, সোমবার স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে নড়াইলের বাহিরগ্রামে খালার বাড়িতে বেড়াতে আসেন সাকিব। মঙ্গলবার রাত দেড়টার দিকে ঘুমন্ত অবস্থায় চাঁদনী আক্তারকে বঁটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন তিনি।
পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় চাঁদনীকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু জানান, প্রথমে স্বামীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, অসাবধানতাবশত বঁটির ওপর পড়ে আহত হয়ে চাঁদনীর মৃত্যু হয়েছে। তবে ঘটনাস্থল পরিদর্শন, আলামত সংগ্রহ এবং সাকিবের অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি স্ত্রীকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেন।
পুলিশের প্রাথমিক ধারণা, সাকিব মাদকাসক্ত ও কর্মবিমুখ হওয়ায় দাম্পত্য কলহ লেগেই ছিল। এর জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।