মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালিতে চলমান মার্কিন সামরিক উদ্যোগ ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, অভিযান স্থগিত থাকলেও ইরানের ওপর আরোপিত নৌ–অবরোধ পুরোপুরি বহাল থাকবে।
ট্রাম্প লিখেছেন, “আমরা একমত হয়েছি যে অবরোধ পূর্ণ শক্তিতে কার্যকর থাকবে, তবে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্বল্প সময়ের জন্য স্থগিত থাকবে। মূলত সম্ভাব্য শান্তি চুক্তি চূড়ান্ত ও স্বাক্ষর করা সম্ভব কি না, তা যাচাই করতেই এ সিদ্ধান্ত।”
গত সোমবার থেকে হরমুজ প্রণালিতে আটকে পড়া বিভিন্ন দেশের জাহাজকে নিরাপদে সরিয়ে নিতে যুক্তরাষ্ট্র ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে এই অভিযান শুরু করে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে এ উদ্যোগ নেওয়া হয়।
তবে ইরান শুরু থেকেই এই অভিযানকে যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল বলে অভিহিত করে এবং প্রতিরোধের ঘোষণা দেয়। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
ট্রাম্পের ঘোষণার পর বুধবার সকাল পর্যন্ত তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, এই নীরবতা কূটনৈতিক আলোচনার ইঙ্গিতও হতে পারে।
‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের এই সিদ্ধান্তকে অনেকেই সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতির সুযোগ হিসেবে দেখছেন। তবে একই সঙ্গে নৌ–অবরোধ বহাল থাকায় উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি বলেই ধারণা করা হচ্ছে।
সূত্র: রয়টার্স, আল–জাজিরা