লিমন–বৃষ্টি পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

Date: 2026-05-06
news-banner

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (USF) কর্তৃপক্ষ।

স্থানীয় সংবাদমাধ্যম টাম্পা বে ২৮–এর প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৮ মে (স্থানীয় সময় শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে এই ডিগ্রি প্রদান করা হবে। ওই অনুষ্ঠানে নিহত দুই শিক্ষার্থীর সম্মানে মঞ্চে দুটি চেয়ার খালি রাখা হবে এবং তাঁদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে ফ্লোরিডার মায়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে বিষয়টি অবহিত করেছে। একই সঙ্গে সমাবর্তনে কনস্যুলেটের একজন প্রতিনিধিকে নিহতদের পরিবারের পক্ষ থেকে ডিগ্রি গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসও বিষয়টি নিশ্চিত করেছে।

কনস্যুলেট জানিয়েছে, তাদের একজন প্রতিনিধি সমাবর্তনে উপস্থিত থাকবেন এবং নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষে ডিগ্রি গ্রহণ করবেন।

জামিল আহমেদ লিমন (২৭) ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। অন্যদিকে নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন।

গত ১৬ এপ্রিল তাদের নিখোঁজ হওয়ার ঘটনা জানাজানি হয়। পরে পুলিশ নিশ্চিত করে, তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তদন্তে তাদের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনার পর যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসী মহলে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এই সম্মাননা নিহত দুই শিক্ষার্থীর একাডেমিক অবদান ও সম্ভাবনার প্রতি শ্রদ্ধার প্রতীক হিসেবে দেওয়া হচ্ছে।

Leave Your Comments