নেত্রকোনায় নিখোঁজের দুই দিন পর ধানখেতে পাওয়া গেল শিশুর খণ্ডিত লাশ

Date: 2026-05-06
news-banner

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নিখোঁজের দুই দিন পর পাঁচ বছর বয়সী এক শিশুর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (আজ) সকাল ১০টার দিকে উপজেলার কৈলাটি ইউনিয়নের হুগলি গ্রামের একটি ধানখেতের আলে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিশুর নাম জান্নাত আক্তার (৫)। সে হুগলি গ্রামের আসাদ মিয়ার মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে জান্নাত বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। কিছুক্ষণ পর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা মাইকিংসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল।

আজ সকালে স্থানীয় এক ব্যক্তি বাড়ির পেছনে প্রায় ৩০০ গজ দূরে ধানখেতের আলে একটি শিশুর খণ্ডিত দেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহটি জান্নাতের বলে শনাক্ত করেন।

পুলিশ জানায়, মরদেহের কিছু অংশ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে এবং তা ময়নাতদন্তের জন্য নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের আত্মীয়রা এ ঘটনাকে অত্যন্ত নির্মম ও বেদনাদায়ক উল্লেখ করে দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তবে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বন্যপ্রাণী দ্বারা দেহ ক্ষতিগ্রস্ত হতে পারে, তবে বিষয়টি নিশ্চিতভাবে তদন্তের পর বলা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

Leave Your Comments