রুয়েট প্রতিনিধি:
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শেরে বাংলা এ কে ফজলুল হক হলের একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে হলের ৫২৫ নম্বর কক্ষে আগুন লাগে। এতে একটি ল্যাপটপসহ নানা প্রয়োজনীয় জিনিসপত্র সম্পূর্ণ পুড়ে যায়।
ওই কক্ষের বাসিন্দা ও যন্ত্রকৌশল বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম হাসান রনক জানান, রাত প্রায় ১টার দিকে তার এক নিকটাত্মীয় অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে তিনি ও তার দুই রুমমেট তাকে দেখতে যান। পরে ভোর সাড়ে ৪টার দিকে ফিরে এসে তারা দেখতে পান, কক্ষে আগুন জ্বলছে এবং তার ল্যাপটপটি সম্পূর্ণ পুড়ে গেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় ল্যাপটপসহ অন্যান্য জিনিসপত্র হারিয়ে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি কিছুটা ভয়াবহ হয়ে ওঠে। সহপাঠীদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় ৪ থেকে ৫টি অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ বিষয়ে হলের সহকারী প্রভোস্ট ও সহকারী ছাত্রকল্যাণ পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী বলেন, "সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শিক্ষার্থীদের দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে।"
উল্লেখ্য, এর আগে গত ৮ মার্চ শহীদ শহীদুল ইসলাম হলে এবং ২৬ এপ্রিল হামিদুল ইসলাম হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টানা তিন মাসে বিভিন্ন হলে এমন ঘটনার পুনরাবৃত্তিতে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।