মোঃ মাহমুদুল হাসান বাবু , পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারীতে পুলিশের বিশেষ অভিযানে পাঁচ জুয়ারিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল ও জরিমানা প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী ১৮৬৭ সনের জুয়া আইনের ৪ ধারায় আটককৃতদের ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা প্রদান করেন। মঙ্গলবার (৫ মে) রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের বটতলী বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
পরে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই রায় দেন। এসময় আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান উপস্থিত ছিলেন। দন্ডাদেশপ্রাপ্তরা হলেন, পার্শ্ববর্তী বোদা উপজেলার মহনঝাড় এলাকার মহেন্দ্র চন্দ্রের ছেলে তরেন চন্দ্র (৩২), একই এলাকার মৃত পদলচং বর্মণের ছেলে সুকেন্দ্র বর্মণ (৫৯), বোদা উপজেলার ঝড়ঝড়া প্রধানপাড়া গ্রামের ধনিরামের ছেলে সন্তষ চন্দ্র বর্মণ (২৬), আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়ন চুচচলী বটতলী গ্রামের ইসহাক আলীর ছেলে সাজু রানা (২৯) এবং একই গ্রামের খাদেমুল ইসলামের ছেলে সাইদুর রহমান (৩৫)।
থানা সূত্রে জানা যায়, পঞ্চগড়ের পুলিশ সুপার মোঃ রবিউল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় ও আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমানের তত্বাবধানে আটোয়ারী উপজেলার বিভিন্ন স্থানে মাদক ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল উপজেলার বলরামপুর ইউনিয়নের বটতলী এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় পাঁচ জনকে হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে জেল ও জরিমানা প্রদান করা হয়।