বেলাল হোসেন খান, পূর্বধলা, নেত্রকোণাঃ
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ২০১৩ সালে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এর আওতায় নেত্রকোনার পূর্বধলা উপজেলা পরিষদ ভবনের ছাদে স্থাপন করা হয়েছিল প্রায় কোটি টাকা মূল্যের সোলার (সৌর বিদুৎ) প্যানেল। তবে কয়েক বছরের মাথায় তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। পরিষদ ভবনের পুরো ছাদ জুড়েই সারিবদ্ধ ভাবে ১শ' টি প্যানেল বসানো রয়েছে। বিদ্যুৎ এর পরিবর্তে পরিষদের কার্যক্রম চালানো তো দূরের কথা তা দিয়ে জ্বলেনা একটি বাতিও। গত ৪ বছর যাবৎ নষ্ট হওয়া সোলার, ব্যাটারি, আইপিএস সহ অন্যান্য যন্ত্রাংশও মেরামত করার কোন উদ্যোগও নেয়া হয়নি।
সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারগণ মেরামতের জন্য একাধিকবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছেন।
উপজেলা পরিষদের তথ্য অনুযায়ী ২০১৩ সালে ময়মনসিংহের হালুয়াঘাট, কিশোরগঞ্জের মিঠামইন ও নেত্রকোনার পূর্বধলা উপজেলায় একযোগে ২ কোটি ৪৭ লক্ষ টাকা ব্যায়ে স্থাপন করা হয়েছিল সোলার প্যানেল।
সেই অনুযায়ী পূর্বধলায় ৮৩ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে স্থাপন করা সোলার প্যানেল উপজেলা পরিষদকে বুঝিয়ে দেয়া হয়েছিল।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, বর্তমানে সোলার প্যানেলগুলো একেবারেই বিকল অবস্থায় পড়ে রয়েছে। এটি দিয়ে একটি বাতিও জ্বলছে না। ইতিমধ্যে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই মেরামত করা হবে। বিদ্যুতের বিকল্প হিসেবে পরিষদের কার্যক্রমের গতি আরও বৃদ্ধি পাবে।