নিজস্ব প্রতিনিধি:
২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের সময় হওয়া অভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলাগুলোর জেলা ভিত্তিক তথ্য চেয়েছে সরকার। এসব মামলা যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৫ আগস্টের পর বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে বহু মামলা হয়েছে। এসব মামলার মধ্যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগও রয়েছে। জেলা প্রশাসকদের কাছে এসব মামলার সংখ্যা ও বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।
তিনি জানান, অনেক মামলায় বিপুলসংখ্যক ব্যক্তিকে আসামি করা হয়েছে, যা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত আসামিদের শনাক্ত করা হবে। তদন্ত কর্মকর্তারা বিষয়গুলো খতিয়ে দেখবেন, যাতে দ্রুত সময়ের মধ্যে মামলাগুলোর নিষ্পত্তি করা যায়।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, যাঁদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে, তাঁদের অব্যাহতির বিষয়েও সুপারিশ করা হবে। পুরো প্রক্রিয়াটি আইনগত কাঠামোর মধ্যেই সম্পন্ন হবে।
মামলাগুলোর তথ্য পাঠানোর জন্য জেলা প্রশাসকদের মৌখিকভাবে সর্বোচ্চ এক মাস সময় দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে তিনি বলেন, কেউ দেরি করলে ন্যায়বিচারের স্বার্থে সেটিও বিবেচনায় নেওয়া হবে।