খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় আহত অবস্থায় একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার রাতে উপজেলার গোমতি ইউনিয়নের শান্তিপুর এলাকা থেকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে প্রাণীটি উদ্ধার করা হয়।
মাটিরাঙ্গা বন বিভাগের বনপ্রহরী মো. হাসান জানান, স্থানীয় বাসিন্দারা প্রথমে বানরটিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে বন বিভাগকে খবর দেন। পরে বন বিভাগের কর্মীরা গিয়ে সেটিকে উদ্ধার করেন। বানরটির চোখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরও জানান, বন বিভাগের কার্যালয়ে উপযুক্ত পরিবেশ না থাকায় প্রাথমিকভাবে বানরটিকে পিটাছড়া এলাকায় স্থানান্তর করা হয়েছে। সেখানে নিরাপদে রাখার পাশাপাশি চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে।
খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা ফরিদ মিঞা বলেন, “আমরা সর্বোচ্চ চেষ্টা করছি বানরটিকে সুস্থ করে তুলতে। সুস্থ হলে এটিকে উপযুক্ত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।”
উল্লেখ্য, লজ্জাবতী বানর আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) এর লাল তালিকায় ‘বিপন্ন’ প্রাণী হিসেবে তালিকাভুক্ত। নিশাচর এই প্রাণী সাধারণত চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের বনাঞ্চলে বসবাস করে।