কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা এলাকায় ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের হামলায় আহত এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত আনোয়ার হোসেন ওরফে নয়ন (৩৫) উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের বেতিয়ারা গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় গাংরা বাজারে পান ও জুতার ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার সময় দক্ষিণ বেতিয়ারা মসজিদের সামনে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাঁর পথরোধ করে। এ সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মাথায় আঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তবে শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
নিহতের বোন কহিনুর আক্তার অভিযোগ করেন, ঢাকা মেডিকেলে অক্সিজেন সংকট থাকায় দ্রুত অন্য হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু পথেই তাঁর ভাইয়ের মৃত্যু হয়। তিনি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
প্রাথমিকভাবে জমি সংক্রান্ত বিরোধকে হত্যার কারণ হিসেবে সন্দেহ করছে পুলিশ। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসাইন জানান, এ ঘটনায় তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।