উপাচার্যের কার্যালয়ে দ্বিতীয় দিনেও ঝুলছে ছাত্রদলের দেওয়া তালা

Date: 2026-05-06
news-banner

রাঙামাটির রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর উপাচার্যের কার্যালয়ে ছাত্রদলের দেওয়া তালা দ্বিতীয় দিনেও খোলা হয়নি। বুধবারও কার্যালয়ে আসেননি উপাচার্য মো. আতিয়ার রহমান

ছাত্রদলের নেতা-কর্মীরা জানিয়েছেন, উপাচার্যের পদত্যাগ অথবা অপসারণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে এবং কার্যালয়ে তালা ঝুলিয়ে রাখা হবে।

এর আগে মঙ্গলবার উপাচার্যের বিরুদ্ধে নিয়োগে অনিয়ম ও স্থানীয় সংস্কৃতির প্রতি অবমাননার অভিযোগ এনে তাঁর দপ্তরে তালা দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। তালা দেওয়ার সময় উপাচার্য ক্যাম্পাসে উপস্থিত ছিলেন না।

বুধবার সরেজমিনে দেখা যায়, উপাচার্যের দপ্তরের মূল ফটকে তালা ঝুলছে। দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা রেজিস্ট্রার কার্যালয়ে অবস্থান করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মচারী জানান, তালার কারণে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন বলেন, “উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।”

অন্যদিকে উপাচার্য আতিয়ার রহমান বলেন, তিনি বর্তমানে রাঙামাটিতে অবস্থান করছেন এবং বিষয়টি প্রশাসন দেখছে। দ্রুত সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ছাত্রদলের আনা অভিযোগের কোনো ভিত্তি নেই এবং এ বিষয়ে তাঁকে কোনো লিখিত দাবি জানানো হয়নি।

Leave Your Comments