বুলডোজার দিয়ে মাংসের দোকান গুঁড়িয়ে দিলো বিজেপি কর্মীরা

Date: 2026-05-06
news-banner

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ মার্কেট এলাকায় বিজয় উদযাপনের সময় কয়েকটি মাংস বিক্রির দোকান ভেঙে ফেলার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনার সময় বুলডোজার ব্যবহার করা হয় বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস (টিএমসি)।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এবং ইকোনমিক টাইমস–এর বরাতে জানা যায়, মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। তৃণমূলের অভিযোগ, বিজয়ের পর উদযাপনের অংশ হিসেবে বিজেপি সমর্থকরা এলাকায় তাণ্ডব চালায় এবং দোকানপাট ভাঙচুর করে।

তৃণমূল কংগ্রেস এক্স (সাবেক টুইটার)–এ অভিযোগ করে জানায়, এটি “ভীতি প্রদর্শনের ধারাবাহিকতা” এবং আইনশৃঙ্খলার জন্য বিপজ্জনক নজির। দলটির দাবি, ঘটনাস্থলে থাকা কেন্দ্রীয় বাহিনী (CAPF) নীরব ভূমিকা পালন করেছে।

ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে জানা গেলেও সেটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দলটির নেতারা আগেও সহিংসতা বা প্রতিশোধমূলক কর্মকাণ্ড সমর্থন করেন না বলে জানিয়েছিলেন।

ঘটনাটি ঘিরে পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। তৃণমূল ও বিজেপির মধ্যে অভিযোগ-পাল্টা অভিযোগ চলছেই।

Leave Your Comments